জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, নির্বাচনকে ঘিরে সন্ত্রাসীদের কোনো ভয় দেখিয়ে লাভ নেই; তারা দুর্বল শক্তি। কেউ ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা চালালে সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে। তিনি দাবি করেন, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসমর্থনের ঢেউ তৈরি হয়েছে এবং এ ধারা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে দেশে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তাই ভোটের দিন সবাইকে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।
রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবদুল্লাহ মো. সালেহ এবং হাব’র সাবেক প্রেসিডেন্ট সৈয়দ গোলাম সারোয়ার।
জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মো. সেলিমের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি রকির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি মো. সাহাব উদ্দিন, সেক্রেটারি মো. বেলাল হোসাইন এবং খেলাফত মজলিসের উপজেলা আমির মাওলানা মো. শাহজালালসহ অন্যরা। সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
