জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের পর চাঁদাবাজি ও সন্ত্রাস শুরু করার অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, “তারা শকুনের মতো অপেক্ষা করছে; দাঁতে ধার দিয়ে বসে আছে। ১২ তারিখের পরেই ঝাঁপিয়ে পড়বে।”
শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, “১২ তারিখের পর চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সব ধরনের ত্যাগ স্বীকার করে যাচ্ছি। অথচ একটি দল তাদের নেতাকর্মীদের বলছে, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না—অর্থাৎ এরপরই তারা শুরু করবে।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি। তবে তিনি একটি ভুল করেছিলেন—শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন। আমরা কোনোভাবেই আওয়ামী লীগকে ফেরত আনার সুযোগ দেবো না। জনগণ রক্ত দিয়ে হলেও তাদের ফিরে আসা ঠেকাবে।”
একটি রাজনৈতিক দলের প্রধান আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরানোর কথা বলেছেন বলেও উল্লেখ করেন তিনি। আসিফ মাহমুদের ভাষ্য, “জনগণ চাইলে ৫ আগস্টেই তাকে বিতাড়িত করত না।”
পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জের দুটি আসনে তাদের প্রার্থী দেওয়া হয়েছিল। তবে জোটের ভেতরে বিভ্রান্তি এড়াতে সর্বোচ্চ ছাড় দিয়ে ‘শাপলা কলি’ প্রতীকের আল আমিনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং তাকে জয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
