৪৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নতুন করে ৩৪৮ জনকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে।
সরকারি কর্ম কমিশনের সুপারিশ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের আগের প্রজ্ঞাপনের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী তাদের ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্তদের প্রথমে বিপিএটিসি বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিস হিসেবে দায়িত্ব পালন করতে হবে, যা প্রয়োজনে আরও দুই বছর বাড়ানো যেতে পারে। শিক্ষানবিসকালে অযোগ্য বিবেচিত হলে কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণের বিধান রাখা হয়েছে।
প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষা সন্তোষজনকভাবে শেষ হলে চাকরি স্থায়ী হবে। প্রশিক্ষণের আগে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড জমা দিতে হবে। শিক্ষানবিসকাল বা তা পার হওয়ার তিন বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণকালীন ব্যয় সরকারকে ফেরত দিতে হবে।
চাকরিতে যোগদানের সময় যৌতুকবিরোধী অঙ্গীকারনামা দিতে হবে এবং সরকারি আচরণবিধি অনুযায়ী সম্পদের বিবরণ জমা ও নিয়মিত হালনাগাদ করতে হবে।
বিদেশি নাগরিককে বিয়ে করলে বা এমন অঙ্গীকার থাকলে নিয়োগ বাতিল হবে। মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া সনদ প্রমাণিত হলে নিয়োগ বাতিলের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিয়োগপ্রাপ্তদের ৯ ফেব্রুয়ারি নায়েমে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত দিনে যোগ না দিলে নিয়োগ বাতিল হবে।
