ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমানের সমর্থনে রাজধানীর মিরপুরে নারীদের একটি বড় মিছিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক নারী অংশ নেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর ফলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ১০ নম্বর গোলচত্বর ঘুরে কাজীপাড়ায় গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শুরুর আগে মহিলা বিভাগের নেতারা বলেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে মানবিক রাষ্ট্র গড়ার কথা জানিয়েছেন ডা. শফিকুর রহমান। নারীর মর্যাদা ও অধিকার রক্ষার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তাদের দাবি, তাকে বিজয়ী করতে পারলে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।
নারী নেতৃবৃন্দ আরও বলেন, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। সব ধরনের অন্যায় দূর করতে জামায়াত আমির কাজ করতে চান বলেও তারা উল্লেখ করেন। এ কারণে ঢাকা-১৫সহ দেশের বিভিন্ন আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে সমর্থন চান তারা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
