বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। দলসংখ্যা ও ম্যাচ—দুটিই বাড়ছে। প্রতিযোগিতাটির শুরু থেকে ড্রাফট পদ্ধতিতে স্কোয়াড গঠন করা হলেও এবার প্রথমবারের মতো চালু হচ্ছে নিলাম পদ্ধতি। আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই নিলাম।
নিলামকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। দেশি-বিদেশি মিলিয়ে মোট ৮৭৯ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন, যার মধ্যে বাংলাদেশি রয়েছেন ৫০ জন।
সর্বোচ্চ ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি ক্যাটাগরিতে নাম দিয়েছেন ৩১ জন ক্রিকেটার। এ তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার, ড্যারেল মিচেল, মুজিব উর রহমান, রাইলি রুশো, মাইকেল ব্রেসওয়েল, জেমস ভিন্স, ফখর জামান ও হারিস রউফের মতো তারকারা। তবে এই ক্যাটাগরিতে কোনো বাংলাদেশি নেই। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ হয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসানের—প্রতিজনের ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৬ লাখ টাকা।
১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম দিয়েছেন ২২ বাংলাদেশি ক্রিকেটার। এদের মধ্যে রয়েছেন রিশাদ হোসেন, লিটন কুমার দাস, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ও রিপন মণ্ডল। অন্যদিকে বাকি ২৫ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ লাখ পাকিস্তানি রুপি।
নাম জমা দেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আরও আছেন মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, আকবর আলী, সাব্বির রহমান, সৌম্য সরকার, নাইম শেখ, সাইফউদ্দিনসহ আরও অনেকে।
এদিকে মোস্তাফিজুর রহমানকে নিলামের মধ্য দিয়ে যেতে হচ্ছে না। আইপিএল থেকে বাদ পড়া এই পেসারকে ২ কোটি ৮১ লাখ টাকায় দলে নিয়েছে লাহোর কালান্দার্স। সেখানে তিনি শাহিন শাহ আফ্রিদির সঙ্গে জুটি বেঁধে খেলবেন।
