সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি দিনাজপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ৯টা ২৯ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা সূত্র জানায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের নির্দেশে কারাগারে পাঠায়। পরদিন তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। হত্যাসহ তিনটি মামলায় তিনি বন্দি ছিলেন। অসুস্থ হয়ে পড়ার পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ক্ষিতীন্দ্র মোহন সেন ও মাতা বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন এবং রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
