আসন্ন বিশ্বকাপের আর মাত্র পাঁচ মাস বাকি থাকলেও চোট কাটিয়ে এখনও পুরোপুরি সুস্থ নন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। তাকে ঘিরে বিশ্বকাপ প্রস্তুতি পরিকল্পনায় সতর্ক অবস্থান নিয়েছে তার ক্লাব সান্তোস। পুনর্বাসন প্রক্রিয়া ধীরে ও নিয়ন্ত্রিতভাবে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
ডিসেম্বরে হাঁটুর অস্ত্রোপচারের পর ধাপে ধাপে সুস্থতার পথে আছেন নেইমার। তবে দ্রুত তাকে প্রতিযোগিতামূলক ম্যাচে নামানোর কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন সান্তোসের কোচ হুয়ান পাবলো ভইভোদা।
রোববার ক্যাম্পেওনাতো পাউলিস্তা লিগে নোরোয়েস্তের বিপক্ষে ম্যাচে নেইমার ফিরতে পারেন—এমন গুঞ্জন উঠলেও কোচ তা নাকচ করেছেন। তার ভাষ্য, নেইমার বর্তমানে দলের সঙ্গে অনুশীলন করলেও পুরোপুরি ফিট হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বড় লক্ষ্য সামনে থাকায় কোনো ঝুঁকি নিতে রাজি নয় দল।
ভইভোদা বলেন, নেইমার অত্যন্ত মনোযোগী ও নিবেদিত। মাঠে ফেরার পর যেন সেরা পারফরম্যান্স দিতে পারেন, সেটাই লক্ষ্য। বিশ্বকাপকে সামনে রেখে তাকে নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতামূলক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নেইমারের সুস্থতাই সবার আগে।
কোচের মতে, পুরো ফিট থাকলে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা আছে নেইমারের, যা খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখা যায়।
গত মৌসুমে সান্তোসকে অবনমন এড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নেইমার। তবে চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিল জাতীয় দলে খেলা হয়নি দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার (৭৯ গোল)। সময় যত গড়াচ্ছে, ২০২৬ বিশ্বকাপে খেলার লড়াইও তত কঠিন হয়ে উঠছে তার জন্য।
