দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের প্রকোপ। টিকাদান কার্যক্রম চলমান থাকলেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ সময়ে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মোট আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।
এর আগে গত ৪ মে একদিনে হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৮ হাজার ২৩৮ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
