বগুড়ায় সফরকালে জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউস থেকে হেঁটে আদালত প্রাঙ্গণে পৌঁছান তিনি। পরে বেলা ১১টা ২০ মিনিটে এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন। একই সময় বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলকও উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
এর আগে সকালে সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান তিনি।
জানা গেছে, ই-বেইল বন্ড সেবা চালুর পরপরই প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন ও কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
দিনের বাকি কর্মসূচিতে গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে খাল খনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া তিনি নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন এবং বিকেলে শহরে ফিরে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বগুড়া শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই বিভিন্ন স্থানে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
