নারায়ণগঞ্জ শহরের সিটি পার্ক লেকে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জল্লারপাড় এলাকার ওই লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো আল আমিন (১০) ও ইব্রাহিম (৮)। তারা সিরাজগঞ্জের দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। বর্তমানে পরিবারসহ নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পরিবার জানায়, শুক্রবার বিকেলে মেলায় যাওয়ার কথা বলে দুই ভাই বাসা থেকে বের হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে লেকের পাড়ে গিয়ে তাদের ব্যবহৃত পাঞ্জাবি ও জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ সৃষ্টি হয়।
স্থানীয়দের সহায়তায় লেকে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রথমে আল আমিন এবং পরে ইব্রাহিমকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লেকের পানিতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
