ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ‘শত্রুর সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি’ নেওয়ার অভিযোগে দেশজুড়ে ১২০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট এবং তারা গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য সরবরাহসহ হামলার জন্য প্রস্তুতিমূলক কাজ করছিল।
প্রতিবেদন অনুযায়ী, পূর্ব আজারবাইজান প্রদেশে সাতজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে সংবেদনশীল স্থানের অবস্থানসংক্রান্ত তথ্য বিদেশে পাঠানোর অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া মাজান্দারান প্রদেশে ৬৯ জন এবং কেরমান প্রদেশে আরও ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। কেরমানে তিনটি ‘গোয়েন্দা দল’ শনাক্ত করে ভেঙে দেওয়ার কথাও জানিয়েছে আইআরজিসি।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এসব অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত হয়েছে এবং সম্ভাব্য হামলা প্রতিরোধে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
তবে এ বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের নিরাপত্তা সংস্থাগুলো নজরদারি ও অভিযান আরও জোরদার করেছে।
