মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে দুটি শর্ত পূরণ করতে হবে—লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এবং জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে পূর্বে যেসব বিষয় নিয়ে সম্মতি হয়েছিল, তার মধ্যে এখনও দুটি গুরুত্বপূর্ণ শর্ত বাস্তবায়ন হয়নি। এগুলো হলো লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা এবং আলোচনার আগে ইরানের জব্দকৃত অর্থ ছাড় করা।
তিনি আরও উল্লেখ করেন, এই দুটি বিষয় সমাধান না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা শুরু করা সম্ভব নয়।
তার এই বক্তব্য এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধবিরতি নিয়ে বিভিন্ন পক্ষের অবস্থান আরও জটিল হয়ে উঠছে।
