লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। জাতিসংঘের খাদ্য সহায়তা সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচির লেবানন বিষয়ক কান্ট্রি ডিরেক্টর অ্যালিসন ওমর লাওই জানিয়েছেন, দেশটিতে খাদ্যপণ্যের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বেড়ে গেছে।
তিনি বলেন, যুদ্ধ শুরুর আগেই প্রায় ৮ লাখ ৭০ হাজার মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন। সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
তার তথ্য অনুযায়ী, সবজি জাতীয় পণ্যের দাম প্রায় ২০ শতাংশ এবং রুটির দাম প্রায় ১৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে লেবাননে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে, যার ফলে সাধারণ পরিবারগুলো দৈনন্দিন খাবারের চাহিদা মেটাতে কঠিন সংকটে পড়ছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে খাদ্য সংকট আরও গভীর হবে এবং মানবিক বিপর্যয় বাড়তে পারে।
আজকের খবর/ এম.এস.এইচ
