বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) ঢাকা ডার্বিতে দ্বিতীয় দেখায় ২-১ গোলের ব্যবধানে জিতেছে আবাহনী স্পোর্টিং ক্লাব। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে এ জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো আকাশি-নীল জার্সিধারীরা। শীর্ষে থাকা বসুন্ধরা কিংস থেকে মারুফুল হকের দলের পয়েন্ট ব্যবধান কেবল ২।
শুক্রবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে অঘটন ঘটে। ৪৬তম মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে হাসান মুরাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মিতুল মারমার। মাঝমাঠ থেকে ভেসে আসা ক্রস লক্ষ্য করে বক্সে ঢুকে পড়েন মুরাদ। মুহূর্তেই লাফ দিয়ে বলটি গ্লাভসবন্দী করেন মিতুল। তবে মাটিতে পড়ার সময় মোহামেডানের গোলকিপারের পায়ের আঘাতে চোয়ালে ব্যথা পান আবাহনী সেন্টারব্যাক।
মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় হাসান মুরাদকে। যা পর্যাপ্ত ছিল না। দেরি না করে তাৎক্ষণিক স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় মুরাদকে। এরপরই অ্যাম্বুল্যান্সে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে। পরবর্তীতে মুরাদের বদলি হিসেবে নামেন সবুজ হোসাইন।
