মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ইরান-সংযুক্ত জাহাজের চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই প্রণালি দিয়ে চলাচলকারী বেশিরভাগ জাহাজই ইরানের সঙ্গে সংশ্লিষ্ট।
বিশ্লেষণী সংস্থা কেপলার ও লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, গত এক দিনে ইরানের জলসীমা থেকে অন্তত তিনটি তেলবাহী জাহাজ যাত্রা শুরু করেছে। এর মধ্যে রয়েছে প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম একটি সুপারট্যাংকার, একটি বাঙ্কারিং ট্যাংকার এবং একটি ছোট আকারের তেলবাহী জাহাজ।
এছাড়া চারটি ড্রাই বাল্ক জাহাজও প্রণালি অতিক্রম করেছে, যার একটি ইরান থেকে লোড করা লৌহ আকরিক নিয়ে চীনের উদ্দেশে রওনা হয়েছে।
অন্যদিকে, নিরাপত্তা ঝুঁকি ও চলমান সংঘাতের কারণে অনেক আন্তর্জাতিক জাহাজ এই পথে চলাচল এড়িয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব বৃদ্ধি বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে।
