লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএন্টি। তিনি বলেছেন, লেবাননে চালানো এই হামলা ‘অগ্রহণযোগ্য’ এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জির সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ম্যাকএন্টি বলেন, লেবাননজুড়ে ইসরাইলের নির্মম হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হওয়ায় তিনি ‘স্তম্ভিত ও মর্মাহত’।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে, সেটি লেবাননেও কার্যকর করতে হবে। সব পক্ষকে এই যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান তিনি।
আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার দাবি আরও জোরালো হলো। এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন নেতা একই ধরনের আহ্বান জানিয়েছেন।
