ভারত মহাসাগরে একটি মার্কিন উভচর আক্রমণ জাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে একটি ইসরাইলি মালিকানাধীন কনটেইনার জাহাজেও হামলার কথা জানিয়েছে সংস্থাটি।
সোমবার (৬ এপ্রিল) ইরানের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে তাদের ৯৮তম দফার হামলার অংশ হিসেবে এই আঘাত হানা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘এসডিএন৭’ নামের একটি ইসরাইলি মালিকানাধীন কনটেইনার জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হলে সেটিতে আগুন ধরে যায়।
এছাড়া, ৫ হাজারের বেশি সেনা বহনে সক্ষম মার্কিন উভচর আক্রমণ জাহাজ ‘ইউএসএস ত্রিপোলি (এলএইচএ-৭)’ লক্ষ্যবস্তু হওয়ার পর সেটি দক্ষিণ ভারত মহাসাগরের দিকে সরে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
ইরানি বাহিনী আরও দাবি করেছে, তারা ইসরাইলের হাইফা শহরের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বেয়ার শেভার পেট্রোকেমিক্যাল কোম্পানি এবং পেতাহ টিকভায় ইসরাইলি বাহিনীর একটি সমাবেশস্থলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের যৌথ ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ওই অঞ্চলের একটি বিমানঘাঁটিতেও হামলার দাবি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিভিন্ন শহরে যৌথ হামলা চালানোর পর থেকেই পাল্টা আঘাত হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইরান।
তবে এসব হামলার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে সব দাবি নিশ্চিত করা হয়নি।
