কুমিল্লার দেবিদ্বারে সিএনজি চালকের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ছাত্রসংগঠন ‘ছাত্রশক্তি’র নেতা মেহেদী হাসান তানজিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার বিকেলে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামের বাসিন্দা সিএনজি চালক আকাশ মিয়া পরিবারসহ অভিযুক্ত তানজিমের বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার সন্ধ্যায় আকাশ মিয়ার স্ত্রীকে বাসায় একা পেয়ে তানজিম শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে ঘরে আটকে রাখেন। পরে স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মী গ্রামবাসীর আপত্তি উপেক্ষা করে তাকে সেখান থেকে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার গভীর রাতে পুলিশ ভিংলাবাড়ি এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মেহেদী হাসান তানজিমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তানজিম দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। পরে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
