অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, এখন থেকে সরকারের সমালোচনায় কিছুটা সংযত থাকবেন তিনি। পাশাপাশি একাডেমিক জীবন ও গবেষণায় বেশি মনোযোগ দেওয়ার কথাও বলেন তিনি।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অধ্যাপনাজীবনে ফিরে গিয়ে গবেষণা ও লেখালেখিতে সময় দিতে চান। আগে যেভাবে সমালোচনা করতেন, এখন তা কিছুটা কমিয়ে আনবেন এবং আরও সতর্কতার সঙ্গে মতামত প্রকাশ করবেন।
তিনি উল্লেখ করেন, বাইরে থেকে অনেক কিছু সহজ মনে হলেও বাস্তবে পরিস্থিতি অনেক বেশি জটিল ও চ্যালেঞ্জপূর্ণ।
মব জাস্টিস প্রসঙ্গে তিনি স্বীকার করেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় কঠোরতা দেখাতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্টরা। তিনি বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর মনোবল হ্রাস ও প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছিল।
ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সরকারের নীরবতা একটি বড় ধরনের ব্যর্থতা। তিনি দাবি করেন, নির্দিষ্ট সময় পর্যন্ত দেশে ভাঙচুর না হলেও পরবর্তীতে কিছু উসকানির কারণে এসব ঘটনা ঘটে।
