আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর করা না হলে তারা বিশ্বকাপে অংশ নাও নিতে পারে।
রোববার তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি বলেন, ইরান ফুটবল ফেডারেশন ইতোমধ্যে ফিফার কাছে ম্যাচের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘আমাদের এই অনুরোধ মেনে নেওয়া হলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।’
এশিয়া থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেওয়া ইরানের গ্রুপপর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেখানে খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে তেহরান।
ক্রীড়ামন্ত্রী আরও জানান, দলের প্রস্তুতি অব্যাহত রয়েছে এবং খেলোয়াড়রা বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবেন। তবে তিনি বলেন, ‘যথাযথ নিরাপত্তা নিশ্চয়তা পেলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
সূচি অনুযায়ী, আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপ শুরু হবে। পরদিন কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৯ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে।
বর্তমান পরিস্থিতিতে ফিফার সিদ্ধান্তই নির্ধারণ করবে ইরান শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেবে কি না।
