রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বাল্টিক সাগর উপকূলের প্রিমোরস্ক বন্দর এবং মধ্যাঞ্চলের নিঝনি নভগোরোদ অঞ্চলের নরসি তেল শোধনাগারে এই হামলার ঘটনা ঘটে।
ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাশিয়ার কর্মকর্তারাও পৃথকভাবে হামলার তথ্য জানান।
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো জানান, প্রিমোরস্ক বন্দরে একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। তিনি বলেন, বন্দর এলাকায় একটি জ্বালানির ট্যাংকে শার্পনেলের আঘাতে ফাটল ধরে তেল ছড়িয়ে পড়ে।
অন্যদিকে নিঝনি নভগোরোদ অঞ্চলের গভর্নর গ্লেব নিকিতিন জানান, নরসি তেল শোধনাগারের দুটি ইউনিটে হামলার পর সেখানে আগুন লাগে। এই শোধনাগারটি রাশিয়ার চতুর্থ বৃহত্তম হিসেবে পরিচিত।
তিনি আরও জানান, হামলার সময় একটি বিদ্যুৎকেন্দ্র এবং কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রিমোরস্ক বন্দরটি ফিনল্যান্ড সীমান্ত ও সেন্ট পিটার্সবার্গের মাঝামাঝি এলাকায় অবস্থিত এবং এটি রাশিয়ার প্রধান তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। অন্যদিকে নরসি শোধনাগারটি বছরে প্রায় ১ কোটি ৬০ লাখ মেট্রিক টন তেল প্রক্রিয়াজাত করতে সক্ষম।
বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামোয় এ ধরনের হামলা রাশিয়া-ইউক্রেন সংঘাতকে আরও তীব্র করে তুলছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।
