দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ নিশ্চিত করতে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করবে সরকার। এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’—এই প্রতিপাদ্য সামনে রেখে ২০টি ইলিশসমৃদ্ধ জেলায় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান ৭ এপ্রিল চাঁদপুর সদরে অনুষ্ঠিত হবে।
মন্ত্রী আরও জানান, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এছাড়া নির্দিষ্ট সময়ে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং দেশের ৬টি অভয়াশ্রম এলাকায় মাছ আহরণ বন্ধ রাখা হবে।
জাটকা নিধন রোধে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে এবং জুন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলেদের সহায়তায় সরকার ভিজিএফ খাদ্য সহায়তা বাড়িয়েছে বলে জানান মন্ত্রী। প্রতিবছর লাখো জেলে পরিবারকে চালসহ খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তাও দেওয়া হচ্ছে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, জাটকা সপ্তাহ উপলক্ষে জেলেদের জন্য খাদ্যসামগ্রীসহ বিশেষ সহায়তা প্রদান করা হবে।
