চট্টগ্রামের হালিশহরে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে গিয়ে বিপাকে পড়েছে পুলিশ। প্রায় পাঁচ ঘণ্টা ধরে অভিযান চালিয়েও কাদায় আটকে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার বা আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক মানুষের ভিড় জমে।
শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার স্কাইভিউ টাওয়ার সংলগ্ন একটি ডোবায় এ ঘটনা ঘটে। অভিযানে থাকা পুলিশ সদস্যরা জানান, চিহ্নিত ছিনতাইকারী মো. রুবেলকে ধরতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে দৌড়ে একটি ভবনে উঠে সেখান থেকে লাফ দিয়ে পাশের ডোবায় পড়েন এবং কাদায় আটকে যান।
স্থানীয়দের মতে, কাদায় আটকে পড়ার পরও রুবেল পুলিশের আহ্বানে সাড়া না দিয়ে সেখানে গড়াগড়ি করতে থাকেন। এ সময় তার স্ত্রী একটি ছাতার আড়ালে তাকে একটি ধারালো রামদা এনে দেন বলে অভিযোগ রয়েছে। পরে রুবেল সেই অস্ত্র দেখিয়ে পুলিশকে ভয় দেখাতে থাকে, ফলে কেউ তার কাছে যেতে সাহস পাচ্ছিল না।
এদিকে, ঘটনাটি দেখতে আশপাশের এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার চেষ্টা চালালেও সফল হয়নি। কাদার গভীরতার কারণে কাছে গেলেই ডুবে যাওয়ার আশঙ্কা থাকায় অভিযান জটিল হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, রুবেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হালিশহরের ফকিরগলির বাসিন্দা এই ব্যক্তির বিরুদ্ধে অতীতেও অস্ত্রসহ গ্রেপ্তারের অভিযোগ রয়েছে।
হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, অভিযানের সময় রুবেল কাদায় পড়ে যায় এবং পরে রামদা হাতে ভয় দেখাতে থাকে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে আত্মক্ষতির আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সময়ে আবার অভিযান চালানো হবে বলেও জানান ওসি।
