চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী জানান, পাম্পটিতে ‘তেল নেই’ লেখা ব্যানার টাঙিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তেলের মজুত যাচাই করা হলে বিপুল পরিমাণ জ্বালানি পাওয়া যায়।
তিনি জানান, সেখানে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেনসহ মোট ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি মজুত ছিল। মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় পাম্পটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানের সময় পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
