মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ সভায় বিকেল ৩টা ৫৭ মিনিটে তিনি পৌঁছান। তার আগমনে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে সভাস্থল মুখর করে তোলেন।
এর আগে বিকেল ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনার দায়িত্ব পালন করছেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
