মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মালয়েশিয়ার জাহাজগুলোকে হরমুজ প্রণালী ব্যবহার করে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
তিনি জানান, এই অনুমোদন দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এজন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ার তেলবাহী জাহাজ ও নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কতগুলো জাহাজ এই পথ ব্যবহার করেছে বা কী শর্তে অনুমতি দেওয়া হয়েছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তিনি আরও উল্লেখ করেন, চলমান সংকটের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে, যা মালয়েশিয়ার ওপরও প্রভাব ফেলছে। তবে দেশটির রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি পেট্রোনাস-এর সক্ষমতার কারণে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।
বিশ্বের অন্যতম বড় এলএনজি রপ্তানিকারক হলেও মালয়েশিয়া তাদের অপরিশোধিত তেলের প্রায় ৭০ শতাংশ উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে। ফলে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার নতুন কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।
প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, এই সংকটের প্রভাব শুধু জ্বালানিতে নয়, খাদ্য সরবরাহেও পড়তে পারে। একই সঙ্গে সার ও জ্বালানির দাম বাড়ার আশঙ্কাও রয়েছে। যদিও অন্য অনেক দেশের তুলনায় মালয়েশিয়ার অবস্থা কিছুটা ভালো, তবুও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় দেশটি।
এদিকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে কিছু জাহাজের ওপর টোল আরোপের বিষয়টিও বিবেচনা করছে ইরানের পার্লামেন্ট।
আজকের খবর/ এম.এস.এইচ
