প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির জানান, সকালে আদালতে মামলার আবেদন জমা দেওয়ার পর শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা আব্বাসের কাছে বড় ব্যবধানে পরাজিত হন। এরপর থেকে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মাধ্যমে তিনি মিথ্যা ও মানহানিকর মন্তব্য করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৫ মার্চ ফেসবুকে দেওয়া একটি বক্তব্য এবং কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত মন্তব্যের মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এতে তার সম্মানহানি হয়েছে বলে দাবি করা হয়।
বাদীপক্ষের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বক্তব্য প্রচার করে মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
