ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ করা হবে, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার নিয়মিত আলোচনা চলছে।
রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সঠিক সময় বিবেচনা করে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, এ বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তার ধারাবাহিক যোগাযোগ রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী তারা যৌথভাবে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন।
সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র যদি কোনো সময় হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে ইসরায়েল কি একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।
ট্রাম্প বলেন, তার মনে হয় না এমন পরিস্থিতি তৈরি হবে। বর্তমানে দুই দেশই সমন্বয় করেই পদক্ষেপ নিচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।
মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। একই সঙ্গে যুদ্ধের প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিতেও।
