সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সকালে স্বাভাবিক দিনের মতোই বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বাড়ির দরজা খুলে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া একটি মন্তব্যে তৈরি হয় ভিন্নধর্মী মুহূর্ত। মুচকি হেসে তিনি বলেন, “চলেন যুদ্ধে যাই।”
প্রধানমন্ত্রী যখন এই তিন শব্দের কথা বলেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা প্রথমে কিছুটা বিস্মিত হয়ে পড়েন। পরে সবাই বুঝতে পারেন, দেশের দায়িত্ব পালন ও রাষ্ট্র পরিচালনার প্রতিদিনের কাজকেই তিনি ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে গুলশানের বাসা থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রতিদিনের মতো প্রস্তুত ছিলেন। ঠিক সেই সময় দরজা খুলে হাসিমুখে সবার উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
আতিকুর রহমান রুমন আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দিনের সূচিতে তার বেশ কয়েকটি বৈঠক রয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
