ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে দলীয় সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নিয়েছে বিএনপি। সংসদীয় কার্যপ্রণালি ও মন্ত্রণালয় পরিচালনায় সক্ষমতা জোরদারে ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে দলটি।
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ কর্মশালার উদ্বোধন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। নতুন অধিবেশন শুরুর আগেই নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়ী ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। পাশাপাশি মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যও প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সংসদীয় বিধি-বিধান, বিল প্রণয়ন, বাজেট বিশ্লেষণ ও নীতিগত প্রস্তাব যাচাইয়ের মতো বিষয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা সীমিত থাকায় এই কর্মশালায় বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।
এছাড়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, স্থানীয় উন্নয়ন তদারকি, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে। অভিজ্ঞ সংসদ সদস্যরা নতুনদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন।
দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ মার্চ সকালে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য পৃথক সেশন অনুষ্ঠিত হবে। বিকেলে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য অংশ নেবেন। ৭ মার্চ একইভাবে সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ ও সংশ্লিষ্ট অঞ্চলের সদস্যরা এবং বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন।
