বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎটি মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে অনুষ্ঠিত হয়, যেখানে উভয়পক্ষের মধ্যে আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছিল।
চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন ডা. শফিকুর রহমানকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তার জন্য সফলতা কামনা করেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম বলেন, বৈঠকে দুই পক্ষ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, আগামী দিনে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ও উন্নয়ন আরও জোরদার হবে।
বৈঠকে চীনের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং, রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।
