ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবির। একই সঙ্গে ক্যাম্পাসে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান সংগঠনটির নেতারা।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে হলপাড়া ও কলা ভবন এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস।
সমাবেশে ঢাবি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীরা যে দখলদার রাজনীতিকে প্রত্যাখ্যান করেছিল, তা পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে দেশীয় অস্ত্র নিয়ে হামলার মাধ্যমে হল দখলের রাজনীতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাবি ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক বলেন, রমজান মাসে শিক্ষার্থীদের রাজপথে নামতে হওয়া দুঃখজনক। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি ও সহিংসতার রাজনীতি নতুন করে চালু করার চেষ্টা মেনে নেওয়া হবে না। হামলার ঘটনা বন্ধ না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সংগঠনের সভাপতি মো. মহিউদ্দিন খান অভিযোগ করেন, রমজান মাসে ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালানো হয়েছে। অতীতের দখলদার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার যে কোনো চেষ্টা শিক্ষার্থীরা প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
