দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং হাইস্পিড যানবাহনে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সময়ে আইসিটি খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনা অনুযায়ী দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন এবং দ্রুতগতির যানবাহনে ফ্রি ওয়াইফাই চালু করা হবে।
তিনি আরও জানান, সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ ও তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে জোর দেওয়া হবে। একই সঙ্গে ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়া এবং আইটি খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
