সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় মেনে অফিসে উপস্থিত হওয়া এবং অফিস শেষে নিয়ম অনুযায়ী প্রস্থান নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি দেশের সব মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’-এর আলোকে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোকে বিষয়টি অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।
এছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
