ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাল ভোটের অভিযোগ নিয়ে Transparency International Bangladesh (টিআইবি)-এর বক্তব্য বিকৃত করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, তাদের সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনকে ভুলভাবে ব্যাখ্যা করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যে তথ্য উপস্থাপন করা হয়েছিল, তা আংশিক ও বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।
টিআইবি স্পষ্ট করেছে, তাদের মাঠপর্যায়ের গবেষণায় দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত ৭০টি আসনের মধ্যে ২১ দশমিক ৪ শতাংশ আসনে এক বা একাধিক জাল ভোটের ঘটনার তথ্য পাওয়া গেছে। কিন্তু এই তথ্যকে পুরো নির্বাচনে ২১ দশমিক ৪ শতাংশ জাল ভোট পড়েছে—এভাবে উপস্থাপন করা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন ও অমূলক।
সংস্থাটি জানায়, যেসব গণমাধ্যম ইতোমধ্যে এ তথ্যকে ভুলভাবে প্রচার বা ব্যাখ্যা করেছে, তাদের দ্রুত সংশোধনী প্রকাশ করা উচিত। অন্যথায় এ ধরনের বিভ্রান্তিকর উপস্থাপনাকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচনা করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
