ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের পথে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শুক্রবার সাংবাদিকদের জানান, ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, ন্যায্যতা ও সমান অধিকারের ভিত্তিতে।
তিনি বলেন, “সার্বভৌমত্ব, সমমর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বিচার প্রসঙ্গে তিনি বলেন, “তদন্ত চলার কারণে ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পন্ন হবে।”
নির্বাচনী ফলাফলের গেজেট প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আজ বিকেলের মধ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। এরপর সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “একটি সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়তে দেশের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
