বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে জয়ী হয়। প্রাপ্ত সর্বশেষ বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী, বিএনপি ২০৯টি আসন জয় করে, যেখানে বাংলাদেশের জামায়াতে ইসলামী সর্বোচ্চ ৬৮টি আসনে জয়লাভ করেছে।
নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পর সরকারের গঠন প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এ বিজয়কে আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। এক্সে নিজের পোস্টে মোদি উল্লেখ করেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে আলাপের সময় তিনি দেশের জনগণের প্রত্যাশা পূরণের প্রচেষ্টায় শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন। তিনি আরও বলেন, দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কারণে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। জারদারি বলেন, ‘পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব ও পারস্পরিক অগ্রগতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে।’ শেহবাজ শরিফ বাংলাদেশের জনগণকেও সফল নির্বাচনের জন্য অভিনন্দন জানান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তারেক রহমান ও বিএনপিকে এই অভাবনীয় জয়ের জন্য অভিনন্দন জানিয়ে এটিকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন।
চীনের ঢাকাস্থ দূতাবাসও বিএনপির বড় জয় এবং সফল নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশে নির্বাচনের সাফল্যে তারেক রহমানকে অভিনন্দন জানান এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
