চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, চট্টগ্রামবাসী আবারও প্রমাণ করেছেন যে তারা শান্তিপূর্ণ চট্টগ্রাম এবং সুষম ও উন্নত বাংলাদেশ চাইছেন। সেই লক্ষ্যেই তারা ভোটকেন্দ্রে এসে নিরবিচ্ছিন্নভাবে ভোট দিয়েছেন। “এ বিজয় চট্টগ্রামবাসীর—এ বিজয় আপনাদের সকলের,” উল্লেখ করেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আটটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ও বিতরণের সময় জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামে কোনো অভিযোগ, অনুযোগ, দুর্ঘটনা বা সংঘাতের ঘটনা ঘটেনি। ফলাফল ঘোষণার পরও কোনো প্রার্থী আপত্তি জানাননি; সবাই শান্তিপূর্ণভাবে ফলাফল মেনে নিয়েছেন।
তিনি বলেন, নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সেই লক্ষ্য সামনে রেখে মাঠ প্রশাসন পুনর্গঠন করা হয়েছিল। স্বল্প সময়ে নতুন পরিবেশে নির্বাচন আয়োজন এক বড় চ্যালেঞ্জ ছিল। “কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল—আমরা সফল হব। সেই প্রত্যয় নিয়ে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও সিভিল প্রশাসন একযোগে কাজ করেছে,” জানান তিনি।
জেলা প্রশাসক আরও জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন ছিল, তা দূর করতে নাগরিকদের আশ্বস্ত করা হয়েছে। “চট্টগ্রামের মানুষ আমাদের ওপর আস্থা রেখেছেন,” যোগ করেন তিনি।
তিনি বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের কাছে নিরাপদ ও সমতাভিত্তিক বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। “আপনারা দায়িত্বশীল অবস্থান থেকে মানুষের আস্থার মর্যাদা রক্ষা করবেন,” অনুরোধ জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পরও মানুষ প্রতিকূল পরিস্থিতিতেও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। “নাগরিকেরা তাদের দায়িত্ব পালন করেছেন। এখন যাদের ওপর দায়িত্ব অর্পিত হয়েছে, তাঁরা নিশ্চয়ই তা যথাযথভাবে পালন করবেন,” উল্লেখ করেন তিনি।
