জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন আগামী ১২ ফেব্রুয়ারি। এই রক্তের সঙ্গে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না।” তিনি দাবি করেন, সারাদেশ জেগে উঠেছে এবং জনগণ পুরোনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরতে চায় না।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জাতিকে আর কোনো মিথ্যা আশ্বাস দেবো না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি—বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবো ইনশাআল্লাহ। আমরা এদেশের মালিক নই, জনগণের সেবক হতে চাই।” তিনি আরও জানান, জনপ্রতিনিধিদের প্রতি বছর পরিবারের সদস্যদেরসহ সম্পদের বিবরণী জাতির সামনে উপস্থাপন বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, “জনগণ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মামলাবাজ ও দখলদারদের লাল কার্ড দেখাবে। আধিপত্যবাদের গোলামদেরও প্রত্যাখ্যান করবে।”
‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে তিনি বলেন, “১০ টাকা কেজি চালের আশ্বাস যেমন ভুয়া ছিল, তেমনি নতুন এসব কার্ডও ভুয়া। আগামী ১২ তারিখ জনগণ এসব ভুয়া প্রতিশ্রুতিকে লাল কার্ড দেখাবে।”
জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি। “ইনসাফের বাংলাদেশের পক্ষে যদি জনগণের রায় পাই, তাহলে সেই সরকারে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে দেখবেন। আমরা হাতে হাত ধরে একসঙ্গে কাজ করবো,”—যোগ করেন জামায়াত আমির।
