চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি, এলডিপি ও জাতীয় পার্টিসহ ২৫টি রাজনৈতিক দলের মোট ১১৫ জন প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে চট্টগ্রাম জেলায় ৭১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম বিজিবি রিজিয়নের অপারেশন পরিচালক লে. কর্নেল মো. মাহামুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনকালীন সময়ে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা হবে এবং নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অন্যদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, নির্বাচনের নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করছে। ভোটকেন্দ্রগুলোতে নিরস্ত্র ও সশস্ত্র পুলিশ সদস্য মোতায়ন থাকবে যাতে ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়।
