চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার ডায়াবেটিক হাসপাতালের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ইরফানুল ইসলাম চুহিম (২১) লোহাগাড়া সদর ইউনিয়নের দফাদারপাড়া এলাকার মোহাম্মদ নাছির উদ্দীনের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য হামিদ বলেন, ট্রাকের ধাক্কায় বাইক আরোহী সড়কে ছিটকে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
