চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ম ও বর্ণ নির্বিশেষে যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধন গড়ে উঠেছে। তাই যারা উগ্রবাদের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সীতাকুণ্ড পৌরসদরে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আসলাম চৌধুরী বলেন, “শিল্প ও পর্যটন নগরী সীতাকুণ্ডের অপার সম্ভাবনা কাজে লাগালে এটি সারাদেশে মডেল পৌরসভা হিসেবে গড়ে উঠবে। পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা ও স্মার্ট সিটির ধারণা বাস্তবায়ন করতে হবে। নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে কর্মপরিকল্পনা প্রণয়ন করলে ব্যবসা-বাণিজ্য প্রসার ও অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে।”
এ সময় উপস্থিত ছিলেন ড্যাব নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. খুরশিদ জামিল, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, মোজাহের উদ্দিন আশরাফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আহামেদ মুন্না প্রমুখ।
