দেশের অন্তত ৮টি জেলায় বুধবার (৬ মে) বিকেল ৩টার মধ্যে দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রপাতের ঝুঁকিও থাকায় জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, নওগাঁ, রংপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, ঝড়ের সময় বাতাসের বেগ হঠাৎ বেড়ে গিয়ে স্থানীয়ভাবে কালবৈশাখী রূপ নিতে পারে, যা ফসল, গাছপালা ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। এ কারণে বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা উঁচু স্থানে অবস্থান না করার জন্য সতর্ক করা হয়েছে।
এদিকে সংস্থাটির সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি মাত্রার বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি এই কালবৈশাখী ঝড়ের সময় সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
