সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের ইউসুফ আলী, তার দুই মেয়ে নিলুফা আক্তার (৩০) ও কেয়া মনি (১৭), এবং ভাতিজি জামাই মো. শাহাব উদ্দিন। এছাড়া সিএনজিচালকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস হঠাৎ লেন পরিবর্তন করে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
