দেশে সাম্প্রতিক মব সহিংসতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া”, তবে এটি কোনো পদ্ধতিগত বা ব্যাপকভাবে সংগঠিত অপরাধ নয়।
সোমবার (৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
মন্ত্রী জানান, মব সহিংসতা যদি সাধারণ অপরাধের আওতায় পড়ে, তবে তা প্রচলিত আইনে বিচার করা হবে। তিনি বলেন, মব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে দেখার আগে এর প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া জরুরি। অন্যথায় স্বাধীনতাসংগ্রাম, গণঅভ্যুত্থান বা বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর মূল্যায়ন প্রশ্নবিদ্ধ হতে পারে।
এ সময় আসন্ন আইন প্রণয়ন নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, বাজেট অধিবেশনে না হলে পরবর্তী অধিবেশনে গুরুত্বপূর্ণ বিলগুলো উত্থাপন করা হবে। মানবাধিকার কমিশন আইন ও গুম সংক্রান্ত আইনের বিষয়ে ১৭ মে আলোচনা সভা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশও বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
