সিরাজগঞ্জ সদর উপজেলায় বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে মো. বায়েজিদ (১০) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ সারটিয়া কলেজপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, স্কুলের তিনতলা ভবনের ছাদে উঠে গাছে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে। এতে গুরুতর আহত হলে দ্রুত উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
