দেশজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৫ এপ্রিল) সংস্থাটির পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় এসব বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকাতেও অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনীসহ কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (২৬ এপ্রিল) থেকে শুরু করে পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।
পরবর্তী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
