ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ব্যর্থ হলে হরমুজ প্রণালিতে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হরমুজ প্রণালির সামরিক সক্ষমতা ধ্বংস করাই এই হামলার মূল লক্ষ্য।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক কর্মকর্তারা ইরানের চলন্ত লক্ষ্যবস্তুতেও হামলার পরিকল্পনা করছেন। এর মধ্যে রয়েছে ছোট দ্রুতগামী আক্রমণকারী নৌযান, মাইন বসানো জাহাজ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।
সূত্রগুলো জানিয়েছে, হরমুজ প্রণালি, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগরে ইরানের সামরিক উপস্থিতি দুর্বল করতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌযান ও সরঞ্জাম ব্যবহার করেই তেহরান গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে আন্তর্জাতিক বাণিজ্যে চাপ সৃষ্টি করছে।
গত ৭ এপ্রিল শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যেও এই জলপথ বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।
এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টাও ঝুঁকির মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করে হামলা চালালেও প্রথম মাসের বেশিরভাগ বোমাবর্ষণ ছিল হরমুজ থেকে দূরের লক্ষ্যবস্তুতে।
তখন লক্ষ্য ছিল ইরানের মূল ভূখণ্ডের ভেতরে হামলার পথ তৈরি করা। তবে নতুন পরিকল্পনায় কৌশলগত এই জলপথের আশপাশে আরও ব্যাপক হামলার কথা বলা হয়েছে।
