রাজশাহীর দুর্গাপুরে একটি কলেজের শিক্ষিকাকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত ২৩ এপ্রিল দুর্গাপুরের দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে চাঁদা দাবি, শিক্ষিকাকে জুতাপেটা, অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের মারধর এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে তিনি নিন্দনীয়, উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
তিনি বলেন, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। তাদের ওপর হামলা গোটা শিক্ষক সমাজের জন্য অপমানজনক। পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানে এমন হামলা শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করেছে বলেও উল্লেখ করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মধ্যেও এ ধরনের ঘটনা ঘটাকে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি আহত শিক্ষকদের চিকিৎসা, নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
