লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে আহত ভাতিজা আখতারুজ্জামান (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত আখতারুজ্জামান ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অভিযুক্ত চাচা মতিন একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার এ বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মতিন লাঠিসোঁটা নিয়ে ভাতিজার ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন আখতারুজ্জামান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত মতিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
